শ্রীবরদীতে বন্যা পরিস্থিতির অবনতি
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘কয়দিন থাইকা পানি ঘরের মধ্যে আইছে। পোলাপান নিয়া মানষের বাইত থাহি। এইহানেও পানি। বাইত থাইকা বাইর হওন যায় না। কাজ কামও করতে পাই না। কেমনে চলুম।’ ২০ জুলাই সোমবার দুপুরে সরেজমিনে শেরপুরের শ্রীবরদী উপজেলার চরশিমুলচুড়া বলদিয়াপাড়া গ্রামে গেলে গৃহবধূ নাছিমা বেগম এভাবেই তুলে ধরেন তার দুর্ভোগের কথা। তিনি জানান, তার স্বামী দিনমজুরি করে। একদিন দিনমজুরি না করলে চুলায় আগুন জ্বলে না। গত শুক্রবার থেকে বন্যার পানি ঘরে প্রবেশ করেছে। এর পর থেকেই প্রতিবেশী এক বাড়িতে আশ্রয় নিয়েছেন। ওই বাড়িরও চারিদিকে বন্যার পানি। ফলে ধার দেনা করে কোনো মতে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, দিনে খাইলে রাতে খাওন জোটেনা। তার মতো প্রতিবেশী কৃষক আকতার হোসেন গরু ছাগল নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। হাটবাজারেও যেতে পারেন না। এ জন্য খুব কষ্টে দিন কাটছে।
ওই গ্রামের আবিজলসহ অনেকে জানান, এই গ্রামের প্রায় সবাই বেগুন ও পুটল আবাদ করে সংসার চালান। এবার বন্যায় সব সবজি ক্ষেত পানিতে ডুবেছে। এতে আয় উপার্জন বন্ধ হয়েছে। ফলে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। শুধু এই গ্রামেই নয়। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

বন্যার্তরা জানান, গত শুক্রবার থেকে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে উপজেলার ভেলুয়া ও খড়িয়াকাজীরচর ইউনিয়নের চরশিমুলচুড়া, বলদিপাড়া, লক্ষীডাংগী, দষ্টিপাড়া, চাংপাড়া, তিনআনী ভেলুয়া, পশ্চিমপাড়া, মধ্যচকবন্দি, ঠনঠনিয়া, কাউনেরচর, চরপাড়া, ডাকড়াপাড়া, রুপারপাড়াা, ভাটিলংগড়পাড়াসহ প্রায় ২৫টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে শিমুলচুড়া হতে টানা ব্রীজ সড়ক, বাকশাবাইদ হতে লক্ষীডাংগী সড়ক ও লক্ষীডাংগী হতে শিমুলচুড়া সড়ক। এতে স্থানীয়ভাবে চলাচল বন্ধ হয়ে পড়েছে। বন্যার পানিতে ডুবে গেছে সদ্য রোপিত রোপা আমন, বীজতলা, মৎস্য খামার ও সবজী ক্ষেত। পানিবন্দি কয়েক হাজার লোকজন মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, বন্যায় পানিতে রুপা আমন ধানের ক্ষেত. আমন ধানের বীজতলা ও সবজী ক্ষেতসহ প্রায় ২০০ হেক্টর জমি তলিয়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করা হয়নি। আপাতত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। বন্যাদুর্গত এলাকাবাসী জানান, গত ৪দিন যাবত পানিবন্দি রযেছেন। সোমবার টানা বর্ষণ ও নদীর পানি বৃদ্ধি পেয়ে ক্রমাগত বন্যার পরিস্থিতির অবনতি ঘটছে। এতে বাড়ছে তাদের দুর্ভোগের মাত্রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার জানান, বন্যার্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
























