স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বজ্রপাতে নিহত ৩ জনের পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব নিহতদের প্রত্যেকের পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেন। ওইসময় নিহত হিরার স্ত্রী সোনিয়া বেগম, রহিমা বেগমের ছেলে গ্রাম পুলিশ লুট মিয়া এবং নিহত কলেজ শিক্ষার্থী নবীন মিয়ার বাবা সোহেল মিয়া ওই মানবিক সহায়তা গ্রহণ করেন।

সহায়তা প্রদানকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এইচএম আব্দুর রউফ, এনডিসি মিজানুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ জুন পৌর শহরের কসবা গারোপাড়া মহল্লায় ট্রলি চালক হিরা মিয়া, ১৩ জুলাই সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় গাংপাড় গ্রামের গৃহিনী রহিমা বেগম ও একইদিন ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে কলেজ শিক্ষার্থী নবীন মিয়া বজ্রপাতে মারা যায়।
























