খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে নিজ অর্থায়নে রাস্তায় মাঠি ভরাট করলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু। তিনি ৩০ জুন মঙ্গলবার হলদিবাটা-নন্নী সড়কের চলাচল অনুপযোগী প্রায় আধা কিলোমিটার রাস্তায় মাটি ভরাট করেন। নিজ অর্থায়নে জনগণের চলার সুবিধার্থে ওই মাটি ভরাটের উদ্যোগ নেন তিনি। ঝিনাইগাতী-নালিতাবাড়ী ২ উপজেলার সীমান্ত এলাকার রাস্তার কিছু অংশ পাকাকরণ করা হয়নি। বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে কাঁদা মাটিতে রাস্তায় যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

এ বিষয়ে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু বলেন, সরকারিভাবে রাস্তা নির্মাণ করার চেষ্টা করে তা সম্ভব হয়নি। ফলে জনগণের দূর্ভোগ লাঘবে ও চলাচলের সুবিধার্থে নিজ অর্থায়নে ওই মাটি ভরাটের কাজ হাতে নিয়েছি। তিনি বলেন, প্রায় অর্ধলাখ টাকা ব্যয়ে রাস্তায় মাটি ভরাটের কাজ করা হয়। নিজস্ব অর্থায়নে রাস্তার মাটি ভরাট করায় এলাকার সাধারণ মানুষ তার প্রতি সন্তোষ প্রকাশ করছেন। এছাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু প্রতি বছর বর্ষা মৌসুমে চলাচল অনুপযোগী তার ইউনিয়নের বিভিন্ন রাস্তাগুলি নিজ অর্থায়নে নির্মাণ করে বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। এ কারণে তিনি গত ৪ বছরে তার ইউনিয়নের জনগণের মাঝে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।























