স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কৃষক সোহেল হত্যা মামলায় বাদীপক্ষকে প্রাণনাশ ও মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগ এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত সোহেলের ভাই মাসুদ রানা লিখিত বক্তব্যে ওইসব অভিযোগ জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ মে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর দড়িপাড়া গ্রামে সোহেল মিয়াকে আক্তারসহ তার লোকজন ধারালো অস্ত্রসহ হামলা চালিয়ে হত্যা করে। ওই ঘটনায় সোহেলের স্ত্রী আজমিনা বেগম বাদী হয়ে আক্তারসহ ৭ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি আক্তার, তার স্ত্রী শুকলা, কন্যা আজমিন ও আঞ্জুসহ ৪ জনকে গ্রেফতার করলেও বাকি আসামিরা পলাতক থাকে। ওই আসামিরা গ্রেফতার না হওয়ায় তারা বাদী ও তার পরিবারকে মামলা তুলে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। ওইসময় বাকী আসামিদের দ্রুত গ্রেফতারসহ তাদের নিরাপত্তার দাবি জানিয়ে সোহেলের স্ত্রী আজমিনা বলেন, তারা নির্মমভাবে আমার নির্দোষ স্বামীকে হত্যা করেছে। এখন ছোট ছোট ২ ছেলে-মেয়েকে নিয়ে কোথায় যাব? আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।
সংবাদ সম্মেলনে সোহেলের চাচা আব্দুল খালেকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।























