শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সামিয়া বেগম (১৮) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের বাদেঘোনাপাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই নববধূর লাশ উদ্ধার করা হয়। সামিয়া বেগম স্থানীয় বিপ্লব মিয়ার স্ত্রী। তার স্বামীর বাড়ির লোকজনের দাবি, সে গলায় ওড়না পেঁচিয়ে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। তবে রহস্যজনক কারণে তার মৃত্যু হয়েছে বলে গুঞ্জন ওঠেছে এলাকায়। এদিকে ওই ঘটনার পর গা ঢাকা দিয়েছে বিপ্লব মিয়া ও তার পরিবারের লোকজন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, সামিয়া বেগম ঢাকা নারায়গঞ্জের রুপগঞ্জের কালাদি এলাকার বাবুল মিয়ার মেয়ে। আর শেরপুরের শ্রীবরদী উপজেলার বাদেঘোনাপাড়া গ্রামের আইয়ুব আলী ঢাকা পঙ্গু মেডিকেল হাসপাতালের সামনে ক্ষুদ্র ব্যবসা করে। সেই সূত্রে তার ছেলে বিপ্লব মিয়াও সেখানে ব্যবসা দেখাশোনা করে। সেখানেই সামিয়া বেগমের সাথে তার পরিচয় হয়। প্রায় ১১ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর বিপ্লব তার স্ত্রী সামিয়া বেগমকে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে সামিয়ার সাথে তার শ্বাশুড়ির তুচ্ছ ঘটনায় মাঝে-মধ্যে কথা কাটাকাটি হতো। গত সোমবার দুপুরে সামিয়ার সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করে সামিয়া। পরে বাড়ির লোকজন সন্ধ্যায় দরজা ভেঙে ঘরে গিয়ে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে সে ঝুলে আছে। ওইসময় তারা তার লাশ মাটিতে নামিয়ে পুলিশকে খবর দেয়। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে সামিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে সামিয়ার বাবা বাবুল মিয়া জানান, তার মেয়ের কিছুদিন যাবত মানসিক রোগে ভুগছিল। ওই ঘটনার জন্যে তিনি ময়নাতদন্ত না করেই লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করবেন বলে জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান জুবায়েল আহমেদ বলেন, ওই নববধূর বাবা নিজেই বাদী হয়ে থানায় ইউডি মামলা করার জন্য এসেছে। শ্রীবরদী থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
























