নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে মফিজুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৫ জুন সোমবার দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত মফিজুল ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও সোমবার রাতে নমুনা সংগ্রহ ছাড়াই তার দাফন সম্পন্ন হয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, মফিজুল ইসলাম ঢাকায় শ্রমিকের কাজ করত। কয়েক দিন আগে সে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নিয়ে নিজ বাড়ি নালিতাবাড়ীর গোজাকুড়ায় আসে। বিষয়টি প্রকাশ হয়ে পড়লে স্থানীয়রা তাকে সতর্ক করে করোনা পরীক্ষার পরামর্শ দেন। কিন্তু ওই যুবক নমুনা পরীক্ষায় না করিয়ে পালিয়ে হালুয়াঘাটে থাকা তার খালার বাড়িতে চলে যায় ও গোপনে স্থানীয় চিকিৎসা নেয়। একপর্যায়ে তার খালাও জ্বরে আক্রান্ত হলে দু’দিন আগে আবারও পালিয়ে গোজাকুড়া নিজ বাড়ি আসার পর সোমবার দুপুরের দিকে সে মারা যায়। মৃত মফিজুলের স্ত্রীর শরীরেও জ্বর রয়েছে। এদিকে নমুনা সংগ্রহ ছাড়াই পরিবারের লোকজন রাতে গোজাকুড়া নতুন কবর স্থানে মফিজুলের দাফন সম্পন্ন করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল জানান, করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। কিন্তু স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে নিশ্চিত না করায় আমরা কিছু বলতে পারছি না। যদি তারা নমুনা সংগ্রহ করে এলাকা লকডাউনের উদ্যোগ নেন তবে আমরা সহযোগিতা করব।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহমা সারোয়াত সালাম জানান, তিনি বিষয়টি জানেন না। কেবল সাংবাদিকদের কাছেই বিষয়টি শুনেছেন। ওইসময় নাম-ঠিকানা জানেন না বলে নমুনা সংগ্রহ করা হয়নি বলেও জানান তিনি।
























