স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে এবার প্রথমবারের মতো জুম অ্যাপে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। ১৪ জুন রবিবার সকালে অনুষ্ঠিত ওই সভায় জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবসহ কমিটির অন্যান্য সদস্যরা স্ব-স্ব কার্যালয়/বাসা থেকে অংশ নেন। সভায় জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধিসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের সভাপতিত্বে ওই সভায় জুম অ্যাপে যুক্ত হয়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিহুর রহমান সোহেল, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ।
জুম অ্যাপে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে রবিবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, বিশেষ পরিস্থিতিতে জুম অ্যাপে এবারই প্রথম ওই সভা করা হয়েছে। এতে কমিটির প্রায় ২০ জন সদস্য যুক্ত ছিলেন। পরিস্থিতির উন্নতি না হলে এভাবেই আগামী সভা করতে হলে আশা করছি কমিটির প্রায় সকল সদস্যই যুক্ত হবেন।
























