স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে গত দু’দিনে নতুন করে আরও ১৮ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৬০ জন। ১৩ জুন শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো স্বাস্থ্য বুলেটিনে ওইসব তথ্য জানানো হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ৮ জন, ঝিনাইগাতীতে ৪ জন, নালিতবাড়ীতে ৩ জন, নকলায় ২ জন ও শ্রীবরদীতে একজন রোগী রয়েছেন। আক্রান্তদের মধ্যে ঝিনাইগাতীতে একই পরিবারের ৩ সদস্য, নালিতাবাড়ীতে একজন চিকিৎসক, জেলা সদর হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী ও ডিসি অফিসের তৃতীয় শ্রেণির এক কর্মচারী রয়েছেন।

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বলেন, শুক্রবার পর্যন্ত জেলায় আক্রান্ত ১৬০ জনের মধ্যে শেরপুর সদরে ৭১, নকলায় ৩১, নালিতাবাড়ীতে ২৩, ঝিনাইগাতীতে ২২ ও শ্রীবরদী উপজেলায় ১৩ জন রয়েছেন। এদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়েছেন। আর ২ জন মারা গেছেন।























