নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় গর্তের পানিতে ডুবে আরাফাত নামে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১ জুন সোমবার সন্ধ্যায় উপজেলার নকলা ইউনিয়নের ধুকুড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে। আরাফাত স্থানীয় আরিফ মিয়ার ছেলে ও ২ ভাই-বোনের মধ্যে ছোট। এদিকে পরিবারের একমাত্র ছেলে সন্তান আরাফাতের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, সোমবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে বৃষ্টি শুরু হলে বাড়ির সকলেই ঘরে অবস্থান করছিল। বৃষ্টি থামার পর আরাফাত সবার অজান্তে বসতঘরের সাথে থাকা গর্তের পানিতে পড়ে ডুবে যায়। এদিকে আরাফাতকে সম্ভাব্য জায়গায় খোঁজে না পেয়ে আরাফাতের মা-বাবা ও বাড়ির অন্যান্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে গর্তের পানিতে আরাফাতের দেহ ভাসতে দেখা যায় এবং মৃত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। নিহতের চাচা আবু সাঈদ ছানুয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























