স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন ও অসহায় হয়ে পড়া মোটরযান ওয়ার্কশপ, ফার্নিচার, ইটভাটা ও চাতাল শ্রমিকসহ দিনমজুর, রিক্সাওয়ালা, ভিক্ষুক ও গৃহকর্মীদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ২২ মে শুক্রবার শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক, সরকারি ভিক্টোরিয়া একাডেমি ও কসবা কাচারীপাড়া শাহ কামাল মাজার এলাকায় ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। ওইসময় এনডিসি মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনডিসি মিজানুর রহমান শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, জেলা প্রশাসক আনারকলি মাহবুবের নির্দেশনায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা প্রদত্ত ওই খাদ্য সহায়তা করোনা পরিস্থিতির প্রভাবে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের আবেদনের প্রেক্ষিতে একাধিক এলাকায় বিতরণ করা হয়েছে। এদিন স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ভিক্ষুক ও গৃহকর্মীসহ সবমিলে ৪২৬ জনকে ওই সহায়তা দেওয়া হয়েছে।
























