স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৩ মে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে’র নেতৃত্বে পৃথক পৃথকভাবে পরিচালিত অভিযানে ওই জরিমানা আদায় করা হয়।

জানা যায়, লকডাউনে সরকারের শিথিলতা ঘোষণার এক পর্যায়ে শেরপুরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শেরপুরে ঈদের কেনাকাটার জন্য ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় চেম্বার অব কমার্স। এর দু’দিনের মাথায় সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি পালনে ব্যর্থতার দায় স্বীকার করে ফের প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার ঘোষণা দেয় চেম্বার। কিন্তু তার দু/তিনদিন না যেতেই কোনোরকম ঘোষণা ছাড়াই দোকানপাটগুলো হু হু করে খুলে যায়। সৃষ্টি হয় স্বাস্থ্যঝুঁকির মারাত্মক পরিবেশ। এরপর কয়েকদিন আগে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত করোনা পরিস্থিতি মোকাবেলা কমিটির এক সভায় কেবল ঈদকে সামনে রেখে শর্তসাপেক্ষে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে ওইসময় পর্যন্ত জেলা শহরসহ প্রতিটি উপজেলা সদরে ঈদের কেনাকাটায় হুমড়ি খেয়ে পড়ে ক্রেতাসাধারণ।
কিন্তু ওই সময়সীমা শেষ হওয়ার পরও শনিবার সকাল থেকেই দেখা যায়, জেলা শহরসহ বিভিন্ন এলাকায় কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকায় সেগুলোতে আগের মতোই দেদারসে বেচাকেনা হচ্ছে। অবশ্য এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে পক্ষ-বিপক্ষকে কেন্দ্র করে বাদানুবাদসহ অপ্রীতিকর ঘটনাও ঘটে। আর ওই অবস্থায় দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে’র নেতৃত্বে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম। এক পর্যায়ে শহরের একটি কম্পিউটার এক্সেসরিজের দোকান, একটি হার্ডওয়্যার, একটি ফ্রিজ-টেলিভিশনের দোকানসহ ৪টি দোকান নিষেধাজ্ঞা অমান্য করে খোলা রাখায় ৬০ হাজার টাকা এবং একইভাবে সদর উপজেলার কুসুমহাটি বাজারে আরও ৪টি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মাহমুদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম রাসেল।
























