স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের খোয়ারপাড় মোড়স্থ শাপলা চত্ত্বর পানির ফোয়ারায় নেমে বিদ্যুতায়িত হয়ে খোকন মিয়া (২৬) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। ১৫ মে শুক্রবার বিকেলে ওই ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া শ্রীবরদী উপজেলার গোপালখিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও ২ কন্যা সন্তানের জনক। এদিকে জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের খোয়ারপাড় শাপলা চত্ত্বর চৌরাস্তা মোড়ে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অমান্য করে ইজিবাইক চালকরা যাত্রী পরিবহন করছিল। ওই অবস্থায় ট্রাফিক পুলিশ ও ডিবি পুলিশ লকডাউন কার্যকরে ওইসব ইজিবাইক চালকদের সরিয়ে দেওয়াসহ কিছু কিছু ইজিবাইকের পেছনের সিট খুলে রেখে দিচ্ছিল। এক পর্যায়ে খোকনের ইজিবাইকের সিট খুলে শাপলা চত্ত্বর পানির ফোয়ারায় ফেলে দেয় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ। ওইসময় খোকন তার ফেলে দেওয়া সিট ফোয়ারার পানি থেকে তুলতে ফোয়ারায় নামে। এদিকে ফোয়ারার পানি বৈদ্যুতিক মোটরের তারের মাধ্যমে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় খোকন তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে স্থানীয়রা টের পেয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় ডিবি পুলিশ ও ট্রাফিক পুলিশ খোকনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ খাইরুল কবীর সুমন জানান, হাসপাতালে আনার আগেই খোকনের মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে অনুসন্ধান চলছে।
























