স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে কর্মহীন, হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩ মে বুধবার দুপুরে কামারেরচর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়নের ৫ শতাধিক কর্মহীন, হতদরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আলু।

হুইপ আতিক বলেন, ভয়াবহ করোনার প্রাদুর্ভাবে মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমার ব্যক্তিগত তরফ থেকে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে পর্যাক্রমে ত্রাণ বিতরণ করে আসছি। পরিস্থিতির আলোকে সামনের দিনগুলোতেও এ কার্যক্রম চলবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহবান জানান হুইপ আতিক।

সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান, জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিএফএ সভাপতি মানিক দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

























