স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের বিভিন্ন স্কুলের শিক্ষক ও একদল তরুণ উৎসাহী ছাত্রদের উদ্যেগে চালু হলো ফেইসবুক কেন্দ্রিক ‘অনলাইন স্কুল শেরপুর’ নামে অনলাইন স্কুল ক্লাস। ৬ মে বুধবার বিকেলে সরকারী ভিক্টোরিয়া একাডেমি অঙ্গনে ওই ক্লাসের উদ্বোধন করেন শেরপুরের পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

সরকারী ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ, পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নবারূন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি মহসিন আলী আকন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শেরপুর অনলাইন স্কুলের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্যেগতারা জানান, মহামারি করোনার ভাইরাসের কারণে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের পাঠদান নানাভাবে ব্যাহত হচ্ছে। সেইদিক বিবেচনা করে একদল তরুণ উদ্যোক্তা ও শিক্ষকরা মিলে বিনাপারিশ্রমিকে ওই ‘অনলাইন স্কুল শেরপুর’ পরিচালনার কাজ করে যাবে। প্রতিদিন পঞ্চম থেকে নবম পর্যন্ত ৪টি শ্রেণির ক্লাস করানো হবে ফেইসবুক ভিত্তিক ওই স্কুল ক্লাসে। আগামী ৭৮ দিন ওই ক্লাসের রুটিন ইতোমধ্যে প্রকাশ করেছে আয়োজকরা। তাদের বিশ্বাস দীর্ঘ সময় স্কুল বন্ধের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেবে অনলাইনে ক্লাস করা ওইসব শিক্ষার্থীরা।
























