স্টাফ রিপোর্টার : শেরপুরে স্বামীর দায়ের কোপে রোকিয়া ওরফে কাঞ্চন বেগম (৪২) নামে এক গৃহবধু খুন হয়েছেন। ৬ মে বুধবার ভোররাতে সদর উপজেলার জঙ্গলদী দক্ষিনপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘাতক স্বামী আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, সদর উপজেলার জঙ্গলদী দক্ষিনপাড়া গ্রামের আবুল কাশেম কয়েক বছর আগে রাজধানী ঢাকায় ফেরি করে কাচাঁমাল বিক্রি করতো। কিন্তু বেশ কিছুদিন যাবত কোন কাজ না করে বাড়ীতে বেকার জীবনযাপন করছিল সে। এ নিয়ে প্রায়ই আবুল কাশেমের সাথে স্ত্রী কাঞ্চন বেগমের দাম্পত কলহ লেগেই ছিলো। ওই অবস্থায় বুধবার বোর ৪ টার দিকে সেহেরী শেষে কথাকাটাকাটি শুরু হলে একপর্যায়ে আবুল কাশেম দা দিয়ে স্ত্রী কাঞ্চনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু ময়মনসিংহে যাওয়ার পথে ফুলপুর এলাকায় পৌঁছতেই প্রাণ হারান কাঞ্চন বেগম।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভূইয়া বলেন, ওই ঘটনায় থানায় হত্রা মামলা রুজুর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে গৃহবধুর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।























