স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে রমজানের অষ্টম দিনে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর ইফতারী পৌঁছল সদর উপজেলার রৌহা ইউনিয়নের প্রত্যন্ত পল্লীতে। ২ মে শনিবার রমজানের অষ্টম দিন বিকেলে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের মাঝে ওই ইফতারী বিতরণ করা হয়। ইফতারী বিতরণে অংশ নেন আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ উমর ফারুক, জেলা কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন, যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু প্রমুখ। এর আগে গত ৭ দিনে শহর এলাকাসহ বাজিতখিলা, লছমনপুর, বেতমারী-ঘুঘুরাকান্দি ও চরমুচারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় একইভাবে বিতরণ করা হয়েছে ওই ইফতারী। এদিকে সাবেক সাংসদ শ্যামলীর পক্ষ থেকে ইফতারী পেয়ে বেজায় খুশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষজন। আর ওই ব্যতিক্রমী উদ্যোগটি ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়ে উঠেছে। এতে অভিভূত হচ্ছেন সচেতন মহলসহ অনেকেই।

রমজানের প্রথম দিনে শহরের ঢাকলহাটি এলাকা থেকে ওই ব্যতিক্রমী সেবা কার্যক্রম শুরু করেন সাবেক সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। এরপর থেকে প্রতিদিন বিকেলে দু’টি পিকআপ ভ্যানের মাধ্যমে শহর ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন পাড়া-মহল্লায় ৫শ প্যাকেট করে ওই ইফতারী পৌঁছে দিচ্ছেন আদরজান ফাউন্ডেশনের লোকজন। এভাবে পুরো রমজানজুড়ে বিতরণ হবে ১৫ হাজার প্যাকেট ইফতারী।
এ ব্যাপারে সাবেক সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, করোনা সংকটের এ মহাদুর্যোগকালীন সময়ে এবার পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে ওইসব কর্মহীনদের মাঝে ইফতারী বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিন শেষ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম। ইতোমধ্যে শহরের কিছু অংশসহ কয়েকটি ইউনিয়নে বিতরণ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সদর উপজেলাসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে। তিনি আরও বলেন, আমি সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুর পৌর শহরসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে কর্মহীন অসহায় মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক, সাবানসহ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।























