স্টাফ রিপোর্টার : শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া জেলার হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের মাঝে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌছিয়ে দেয়া হয়েছে। ২৯ এপ্রিল বুধবার রাতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মাহমুদ ওই সহায়তা পৌঁছে দেন।

জানা যায়, গত ২৭ এপ্রিল শেরপুর জেলা রেস্তোরাঁ মালিক সনিতির পক্ষ থেকে শেরপুর জেলা প্রশাসনের করোনা কন্ট্রোল রুমের ই-মেইল dcsherpurcoronahelp@gmail.com আইডি তে কর্মহীন শ্রমিকদের অসহায় অবস্থা তুলে ধরে একটি মেইল পাওয়া যায়। ই-মেইলটি পাওয়ার সাথে সাথে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব কর্মহীন রেস্তোরাঁ শ্রমিকদের কাছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশনা প্রদান করেন। ওই নির্দেশনা মোতাবেক বুধবার রাতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন জেলা প্রশাসনের একটি টিম তালিকায় উল্লেখিত সকলের কাছে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেন।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন জানান, করোনাভাইরাস এর সংক্রমণ রোধ কল্পে আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকুন। জেলা প্রশাসন, শেরপুর সর্বদা আপনাদের পাশে রয়েছে।
























