নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কের টাওয়ার সংলগ্ন এলাকায় বন্যশূকরের প্রাণীর কামড়ে আমেনা বেগম (৫০) নামে এক নারী নিহত ও আরও ২ জন আহত হয়েছে। ১২ এপ্রিল রবিবার সকালে উপজেলার মধুটিলা ইকোপার্কে ওই ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার পোড়াগাও গ্রামের হবিবুর রহমার এর স্ত্রী। আর আহতরা হচ্ছেন উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের সোরহাব উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম (৫০) ও তার ছেলে রিয়াজ (১৫)। এদিকে হঠাৎ বন্যপ্রাণীর আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আমেনা বেগম, কোহিনূর বেগম ও তার ছেলে রিয়াজ গতকাল রাতে ঝড়ের পর গাছ থেকে পড়া লাকড়ি কুড়াতে ইকোপার্কের ভেতরে যায়। লাকড়ি কুড়াতে কুড়াতে ইকোপার্কের ওয়াচ টাওয়ারের নিচে গেলে হঠাৎ একটি বন্যশূকর কোহিনূর বেগম ও আমেনা বেগমকে আক্রমণ করে। ওইসময় মা কোহিনুর বেগমকে রক্ষা করতে গিয়ে ছেলে রিয়াজও আক্রমণ শিকার হন। এতে ৩ জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আমেনা বেগম (৫০) মারা যান।
























