মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক পরিস্থিতি মেকাবেলায় শেরপুরের সর্বস্তরের মানুষকে আগামী ১০ দিন আরও ধৈর্যের সাথে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানিয়েছেন। তিনি ২ দিন যাবত চলমান সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা শেরপুর সদরের পাকুড়িয়া, গাজীরখামার, ধলা ও বাজিতখিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাড়িতে উঠে হ্যান্ডমাইকযোগে ওই আহবান জানান। ওইসময় তিনি স্ব-স্ব এলাকার দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন।

হুইপ আতিক অনিবার্য সমস্যা ছাড়া লোকজনকে বাড়ি থেকে বের না হয়ে বাড়িতেই অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চলমান কঠিন পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন অসহায় লোকজনসহ দেশবাসীর পাশে রয়েছেন। তার নির্দেশনায় প্রশাসনসহ দলীয় নেতা-কর্মীরা সর্বোচ্চ অবস্থান নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে, ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কর্মহীন হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এ জন্য তিনি তার নিজের তরফ থেকেসহ দলীয়ভাবেও সহযোগিতা বাড়ানো হবে বলেও আশ্বস্ত করে চলমান পরিস্থিতিতে সকলকে সাহস সঞ্চয় করে ধৈর্যের সাথে ভয়কে জয় করতেও আহবান জানান।
এর আগে হুইপ আতিক সোমবার সকালে চকবাজারস্থ দলীয় কার্যলয় থেকে শুরু করে সদর উপজেলার ভাতশালা, কামারিয়া, রৌহা, লছমনপুর ও চরপক্ষীমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ওই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। ওইসময় তার সাথে জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতিতে শেরপুরে হুইপ আতিউর রহমান আতিকের জনসচেতনতামূলক কার্যক্রম প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার বিকেলে শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক হুইপ আতিক স্বয়ং মাঠ পর্যায়ে বিচরণ করে ওই সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিনি ওই কার্যক্রমে ক্ষতিগ্রস্ত লোকজনসহ শেরপুরবাসীর পাশে থাকবেন- এটি তার দৃঢ় সংকল্প। তিনি আরও বলেন, এর আগে হুইপ আতিকের নির্দেশনা মোতাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির নেতৃত্বে দলের প্রতিটি ইউনিট পর্যায়ে লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে।
























