জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে শেরপুরের নকলা পৌরসভা শহর, বাজার, বাসাবাড়ি, রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জীবাণুনাশক স্প্রে প্রদান কার্যক্রম শুরু করেছে। ২৮ মার্চ শনিবার সকালে নকলা পৌর শহরে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।

উদ্বোধনকালে নিরাপদ দূরত্বে থেকে উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সদস্য ফজলে হাসান রাব্বী রাজন, পৌরসভার সহকারি কর আদায়কারি মোশারফ হোসেন, টিকাদান সুপারভাইজার মোখলেছুর রহমান, স্বাস্থ্য সহকারি জান্নাতুল ফেরদৌস সৌরভ, বিডিক্লিন নকলার সহ-সমন্বয়ক-২ আতিকুর রহমান ও পৌর পরিচ্ছন্নকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পৌর মেয়র হাফিজুর রহমান লিটন উপস্থিত সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন পৌরসভার পক্ষ থেকে পানিবাহী ট্রাকে করে ব্লি¬চিং পাউডার মিশ্রিত পানি দিয়ে শহরের বিভিন্ন এলাকার রাস্তা ভেজানো এবং পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। এছাড়া জনসাধারণকে সাবান, পানি দিয়ে হাত ধোয়ার জন্য পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেশ কিছু পানির ট্যাংক বসানো হয়েছে। করোনা প্রতিরোধে আরো চলছে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা, মাইকিং, লিফলেট বিতরণ এবং পৌর পরিচ্ছন্নকর্মীদের নিরাপদ ড্রেস দেয়া হয়েছে বলেও পৌর মেয়র জানান।























