ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বেশি দামে চাল বিক্রির অভিযোগে আবু হানিফ এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৩ মার্চ সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ ওই জরিমানা করেন। হানিফ ঝিনাইগাতী বাজারের ইসমাইল হোসেনের ছেলে।

জানা যায়, করোনা ভাইরাসের আতঙ্কের সুযোগ নিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী বাজারে চাল, ডাল ও পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ থাকলেও অধিক মুনাফার আশায় তারা পণ্যের মূল্য বাড়িয়ে দেন। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় ঝিনাইগাতী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ওই সময় বেশি দামে চাল বিক্রির অভিযোগে ব্যবসায়ী আবু হানিফকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।























