শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘শিশুর হাসি আনবে বয়ে, আলোর পরিবেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমীন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌরসভার মেয়র আবু সাইদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল। এদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের কার্যালয়ের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতের অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী একেএম ফজলুল হক চান।
























