স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্যোগসমূহকে তুলে ধরার প্রয়াসে সপ্তাহব্যাপী চলা আঞ্চলিক এসএমই পণ্য মেলার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ডিসি উদ্যান চত্ত্বরে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ওই মেলার সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, জেলা বিসিকের ব্যবস্থাপক তামান্না মহল, শেরপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামারা তাসবিহা। ওইসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ক্ষুদ্র উদ্যোক্তাগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএমই মেলায় প্রায় ৪০টি স্টল অংশ নেয়। এর মধ্যে প্রথম স্থান লাভ করেছে ক্ষুদ্র উদ্যোক্তা ডলি খানমের রূপান্তর পাট শিল্প। এছাড়া দ্বিতীয় হয়েছে আইরিন পারভীনের অনন্যা বুটিক। আর যৌথভাবে তৃতীয় হয়েছে তথ্য-প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ইফতেখার হোসেন পাপ্পুর বিডিআইটিজোন ও নাহার বুটিক।
























