ঝিনাইগাতী (শেরপুর প্রতিনিধি) ॥ শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের সহায়তায় ও জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজনে ২ দিনব্যাপী শিশু মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার সকালে স্থানীয় মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।
জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাতের সভাপতিত্বে ও সহকারী তথ্য কর্মকর্তা মোঃ ইব্রাহীম মোল্লা সুমনের সঞ্চালনায় মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান তালুকদার ও শাহরিয়ার পারভেজ, মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদ আকন্দ প্রমুখ।
জানা গেছে, মেলায় উদ্ভাবনী উপকরণে ১২টি স্টল স্থাপন করা হয়। মেলায় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃতি, কুইজ প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজি, চিত্রাংকন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। ২ দিনব্যাপী এ মেলা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।
























