স্টাফ রিপোর্টার ॥ সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছেন শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক সাবিহা জামান শাপলা। ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানী ঢাকার পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি অফ হিউম্যান রাইটস আয়োজিত ‘মহিয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে ওই পদক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আইএনবি সংবাদ সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহমেদ। জার্নালিস্ট সোসাইটি অফ হিউম্যান রাইটস’র সভাপতি এডভোকেট মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিশিষ্ট সাংবাদিক রেহানা সালাম ও বিশিষ্ট শিক্ষাবিদ জাহানারা সুলতানা রাজিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব এমএইচ আরমান চৌধুরী।
এদিকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ করায় সাবিহা জামান শাপলাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুরের বিভিন্ন মহল।
























