নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় অবৈধ স্থাপনা ও অবৈধভাবে দখল করা আবাদী জমি দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন’র নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
৮ মার্চ রবিবার সকাল থেকে উচ্ছেদ শুরু পর্যায়ক্রমে রানীশিমুল এলাকার দরপট বাজার, বানেশ্বরদী ইউনিয়নের মোজারবাজার ও নকলা ইউনিয়নের উত্তর নকলায় দখল মুক্ত করতে ওই অভিযান পরিচালনা করে প্রশাসন। ওইসময় দুই বাজারের সরকারি ভূমির উপরে স্থাপিত সকল অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয় এবং উত্তর নকলায় আবাদী জমিতে অবৈধ দখলদারদের জমির আইল ভেঙ্গে দিয়ে তা দখল মুক্ত ঘোষণা করা হয়।

ওইসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মামুন হোসেন, নকলা সদর ভুমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. হযরত আলী, গণপদ্দী ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. মোকসেদ আলী, সায়রাত সহকারী মোকলেছুর রহমান, তজি সহকারী মোর্শেদুল আলম, সার্টিফিকেট প্রেসকারক রাসেল মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন জানান, রবিবার ৩ ইউনিয়নের দুটি বাজার ও একটি আবাদী জমির অবৈধ দখল উচ্ছেদ করা হয়। দরপট বাজারের সরকারি ২৮ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশ জমির উপর স্থাপিত অন্তত ১০ টি অবৈধ দোকান, মোজারবাজারের ৫০ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ জমির উপর স্থাপিত অন্তত ২০ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। তাছাড়া উত্তর নকলায় আদর্শ গ্রামের জন্য বরাদ্দকৃত জমির মধ্যে ৯২ শতাংশ জমিতে অবৈধভাবে দখল করে রাখা মালিকানা উচ্ছেদ করার পরে অবৈধ দখলমুক্ত ঘোষণা করা হয়েছে।
























