স্টাফ রিপোর্টার ॥ ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে শেরপুরে নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুর যৌথভাবে এর আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালে প্রণীত সংবিধানেই নারী-পুরুষের সমতার কথা অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই নারীর অধিকার বাস্তবায়ন, বিভিন্ন ক্ষেত্রে মজুরি বৈষম্য দূর ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। ওইসব বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছেন বলে উল্লেখ করেন বক্তারা।
নারী দিবস উদ্যাপন উপলক্ষে শেরপুরের নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাতেও অনুরূপ সমাবেশ করা হয়েছে।
























