শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে তালাকের পর স্ত্রীর অশ্লীল ছবি ও লেখা মেসেঞ্জারে দিয়ে হুমকি দেয়ার অভিযোগে ইব্রাহিম ওরফে রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতনসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত রাসেল পৌর শহরের কলাকান্দা এলাকার সাহেব আলীর ছেলে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, প্রায় তিন বছর আগে ইব্রাহিম ওরফে রাসেলের সাথে শ্রীবরদী উপজেলা সদরের এমএনবিপি সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর মন দেয়া-নেয়ার এক পর্যায়ে বিয়ে হয়। বিয়ের পর ইব্রাহিমের পরিবার তাদেরকে মেনে না নিতে চাইলেও অবশেষে তাদেরকে মেনে নেয়। তবে রাসেল স্ত্রীকে ঘরে তোলার পর থেকেই যৌতুকসহ নানা অজুহাত তুলে মাঝে-মধ্যেই মারপিট করতো। ওইসব বিষয়ে স্থানীয়ভাবে শালিসও হয়েছে। এক পর্যায়ে রাসেল তাকে বাড়ি থেকে বের করে দেয়। প্রায় এক মাস আগে ভিকটিম বিদ্যালয়ে যাওয়ার পথে রাসেল তাকে জোর করে বাড়ি নিয়ে যায়। পরে কয়েকদিন তাকে বিছানায় নিয়ে বিবস্ত্র করে কৌশলে ছবি তুলে রাখে রাসেল। এর কিছুদিন আবারও নির্যাতন করে তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে গত ২৫ ফেব্রুয়ারি তাকে তালাক দেয় রাসেল। সেই সাথে ভিকটিমের অশ্লীল ছবি তার ভাই ও পরিবারের লোকজনের মেসেঞ্জারে পোষ্ট করে। এরপর আরও অশ্লীল ছবি ভাইরালের হুমকি দিলে ভিকটিম নিজেই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে ভিকটিমের অশ্লীল ছবি পোষ্টের সত্যতা পেয়ে গ্রেফতার করে রাসেলকে।
ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার এসআই জুয়েল মিয়া বলেন, ওই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতনসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত রাসেলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
























