মইনুল হোসেন প্লাবন : লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে এইবারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দুর্দান্ত ওই জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে তারা। স্প্যানিশ জায়ান্টদের হয়ে খুদে জাদুকর একাই করেছেন ৪ গোল। ২২ ফেব্রুয়ারী শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এইবারকে আতিথ্য দেয় বার্সা। শুরু থেকেই তাদের চেপে ধরেন মেসি বাহিনী। বরাবরের মতো ছন্দময় ফুটবল উপহার দেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়ার মেসি। অনন্য নৈপুণ্য প্রদর্শন করে ৪ গোল আদায় করে নেন তিনি। ম্যাচের ১৪, ৩৭, ৪০ ও ৮৭ মিনিটে নিশানাভেদ করেন এ ম্যাজিসিয়ান। এ নিয়ে চলতি আসরে নিজের ৩য় হ্যাটট্রিক করলেন তিনি। অপর গোলটি করেন আর্থার। ৮৯ মিনিটে ঠিকানায় বল পাঠান তিনি। ইনজুরির কারণে ওই ম্যাচে খেলেননি জর্দি আলবা।

৩ দিন পর চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির বিপক্ষে ম্যাচ রয়েছে বার্সার। সেই কথা মাথায় রেখে সামুয়েল উমতিতি, সার্জিও রবের্তো, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতিকে সাইড বেঞ্চে বসিয়ে রাখেন কোচ কিকে সেঁতিয়েন। তাদের অনপুস্থিতিতে এককভাবে দলকে অসাধারণ জয় এনে দেন মেসি। ২৫ ম্যাচে ১৭ জয় ও ৪ ড্রতে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

এদিকে স্প্যানিশ লা লিগায় লেভান্তের কাছে ০-১ গোলের ব্যবধানে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। যা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে স্পেনের রাজধানী শহরের দলটিকে।
এক ম্যাচ পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে চরম উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকো ম্যাচ। তার আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে। ওই ২ কঠিন ম্যাচের আগে বড়সড় এক ধাক্কাই খেলো জিনেদিন জিদানের শিষ্যরা।
অথচ ম্যাচের সকল পরিসংখ্যানই ছিলো রিয়ালের পক্ষে। পুরো ম্যাচে ৬৩ ভাগ সময় বল নিজেদের দখলেই রেখেছিলেন বেনজেমা, ক্যাসেমিরোরা। এমনকি প্রতিপক্ষের জালে মোট ১৯টি শটও করেছিলো তারা। কিন্তু কাজের কাজ গোল হয়নি একটিও।
খেলার ধারার বিপরীতে ম্যাচের ৭৯ মিনিটে একমাত্র গোলটি করেন লেভান্তের মিডফিল্ডার হোসে লুইস মোরালেস। সতীর্থের পাঠানো বল নিয়ন্ত্রণে না নিয়ে প্রথম শটেই জালের ঠিকানায় পাঠিয়ে দেন তিনি। এই এক গোলের সুবাদেই জয় পেয়ে যায় লেভান্তে।
টানা ৫ ম্যাচ জেতার পর এই এক পরাজয় বেশ পিছিয়ে দিয়েছে রিয়ালকে। কেননা দিনের আগের ম্যাচে এইবারের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। যা তাদের বসিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। লিগের ২৫ ম্যাচ শেষে ১৫ জয় ও ৮ ড্রতে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১৭ জয় ও ৪ ড্রতে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে মেসির বার্সা।


























