স্টাফ রিপোর্টার : ‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত ওই সেমিনারে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে দালাল ও প্রতারকচক্রের খপ্পরে না পড়ে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব খান শাহানুর রহমান প্রমুখ।
সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
























