শ্যামলবাংলা ডেস্ক : ‘প্রতিবন্ধীদের জন্য জাতীয় সংসদ ভবনের নির্ধারিত স্থানে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ হবে। ইতোমধ্যে কমপ্লেক্সের নকশা চূড়ান্ত হয়েছে।’ ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ওই কথা বলেন।

তিনি বলেন, আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমস- ২০১৯ এ বাংলাদেশের ১৩৯ সদস্যের দল অংশগ্রহণ করে ২২টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি গর্বিত আমাদের ক্রীড়াবিদরা স্পেশাল অলিম্পিক গেমসে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তারা ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করবে বলে আশা করি। তাদের সুপ্ত প্রতিভা বিকাশে আমরা সদা প্রস্তুত। এটা সত্য, তাদের জন্য নির্দিষ্ট কোনো খেলার মাঠ নেই। তাই আমরা জাতীয় সংসদ ভবনের পাশের খোলা মাঠে প্রতিবন্ধীদের জন্য একটি দৃষ্টিনন্দন ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছি। ইতোমধ্যেই আমরা কমপ্লেক্সের নকশা চূড়ান্ত করেছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তিনি প্রতিবারই স্পেশাল অলিম্পিক গেমসে সাফল্য অর্জনকারীদের পুরস্কার প্রদান করে থাকেন এবং নিজেই তাদের গণভবনে সংবর্ধিত করেন। তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে প্রশংসনীয় কাজ করছেন। ইতোমধ্যে তিনি সারা বিশ্বে এ ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেছেন। আমি তাকে ও তার এ মহতী কর্মকাণ্ডের জন্য অভিনন্দন জানাই।’
ওইসময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন।

























