স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপি নেতা আলহাজ্ব বদরুদ্দোজা সোহেল (৫২) ২৫ নভেম্বর সোমবার ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহরের বাগরাকসা (রাজাবাড়ী) এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তিনি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের শ্যালক, শহরের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত আলাউদ্দিনের কনিষ্ঠ পুত্র এবং বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত সোহাগ ও শ্যামলের ছোটভাই ছিলেন। তিনি জেলা বিএনপির বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওইসময় তার সংক্ষিপ্ত স্মৃতিচারণ করে মোবাইলে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, মাইসাহেবা জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বিএনপি নেতা এডভোকেট আব্দুল মজিদ বাদল, এডভোকেট মোখলেসুর রহমান জীবন, এসএম শহীদুল ইসলাম ও এডভোকেট আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ আল ফারুক ডিওন, মরহুমের আত্মীয় আলহাজ্ব আব্দুস সাত্তার, একমাত্র পুত্র সানি প্রমুখ।
জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
























