স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির সংগঠন শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে এক বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার রাতে হিজড়াদের আয়োজনে শহরের গৌরীপুর নতুন বাস টার্মিনালে অনুষ্ঠিত ওই বাউল গানে আসরে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উদীয়মান বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে কয়েকজন হিজড়া নৃত্যগীত পরিবেশন করেন। অন্যান্যের মাঝে জামালপুরের রোমানা সরকার, মনি সরকার, ময়মনসিংহের রূপালি সরকার, নেত্রকোনার সোনিয়া আক্তার, শেরপুরের কনক সরকার, হিজড়া নিশি সরকার বাউল, মুর্শিদী এবং ভক্তিমুলক গান পরিবেশন করেন। অনুষ্ঠানে নালিতাবাড়ীর তানিয়া হিজড়ার চমৎকার নৃত্য পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। মধ্যরাত পর্যন্ত চলা এ বাউল গানের আসরে স্থানীয় আরও কয়েকজন বাউল শিল্পী ভক্তিমুলক গান পরিবেশন করেন। ওই সময় গান শুনে অনেকেই বাউল শিল্পী ও হিজড়াদের নানা অংকের নগদ অর্থ উপহার দিয়ে সম্মানীত করেন।
ওই বাউল গানে আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা প্রমুখ। বিপুল সংখ্যক শ্রোতা ওই বাউল গানের আসর উপভোগ করেন।
উল্লেখ্য, শেরপুরে বসবাসকারি তৃতীয় লিঙ্গ হিজড়া জনগোষ্ঠিকে সংগঠিত করে তাদের জীবনমান উন্নয়ন ও সমাজের মুল¯্রােতে ফিরিয়ে আনতে কাজ করছে নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটি। তারই ধারাবাহিকতায় হিজড়াদের অনুপ্রাণিত করে তাদের নিয়ে গঠন করা হয় শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থা। ইতোমধ্যে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ হিজড়াদের কল্যাণে পাশে দাঁড়িয়েছে এবং তাদের সামাজিকভাবে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে নানামুখি কর্মকা- বাস্তবায়ন করছে। জেলা সমাজসেবা বিভাগ হিজড়াদের আত্মকর্মে নিয়োজিত করতে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে।
























