স্টাফ রিপোর্টার ॥ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার বিকেলে শহরের মাধবপুরস্থ জেলা কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জয়যাত্রা টেলিভিশন ও ফাউ-েশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর সিআইপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন। জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি আলমগীর হোসেনের সভাপতিত্বে ওইসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমি, শেরপুর ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাবুল প্রমুখ।
পরে প্রধান অতিথি ও উদ্বোধক সকলকে নিয়ে জয়যাত্রা টেলিভিশনের প্রথম বর্ষপূর্তির কেক কাটেন। এর আগে জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান অতিথিদের নিয়ে ফিতা কেটে শেরপুর অফিস উদ্বোধন করেন।























