স্টাফ রিপোর্টার ॥ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, ইদ্রিস গ্রুপ অব কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের প্রতিবাদে শেরপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। ৫ অক্টোবর শনিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানী লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোতাসিম বিল্লাহ আরিফ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইদ্রিস গ্রুপ অব কোম্পানী সুনামের সাথে শেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় ব্যবসা পরিচালনা করে আসছে। সেইসাথে কোম্পানীর পক্ষ থেকে সরকারি বিধান মোতাবেক স্বচ্ছভাবে কর ও রাজস্ব প্রদান করায় একাধিকবার পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া। কিছুদিন আগে কোম্পানীর সাবেক ডিএমডি আব্দুল কাদের, ডিজিএম মোস্তাফিজুর রহমান ও তাদের অনুসারী হিসাবরক্ষক সুফিয়া পারভীন, আকমল হোসেন মদিন, বিল্লাল হোসেন, কুরবান আলী, এরশাদ আলীসহ কয়েকজন কর্মকর্তা কোম্পানীর অর্থ আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়। তারা কোম্পানীর কোন হিসেব-নিকেশ বুঝিয়ে না দিয়ে পালিয়ে যাওয়ায় এবং অর্থ আত্মসাৎ ও অনৈতিক কাজের সাথে জড়িত থাকায় আব্দুল কাদের ও সুফিয়া পারভীনের নামে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়।
সম্প্রতি ওইসব পলাতক কর্মকর্তা-কর্মচারীরা পার্শ্ববর্তী জামালপুর জেলা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য তুলে ধরে- যা মোটেই সত্য নয়। প্রকৃতপক্ষে তাদের অর্থ আত্মসাৎ ও অনৈতিক কার্যকলাপসমূহ ঢাকতেই মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কিছু পত্রিকায় বিভ্রান্তিমূলক খবর প্রকাশিত হয়েছে। সংবাদ সম্মেলনে ওইসব বিভ্রান্তিমূলক খবরের প্রতিবাদ জানিয়ে সঠিক চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা আব্দুস সালাম, ডিজিএম কামরুজ্জামান রিপন, বিপণন বিভাগের প্রধান লুৎফর রহমান ঠান্ডা, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




