ads

সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ১০ টাকা কেজি দরের সেই ৫৫ বস্তা চাল বিতরণ হচ্ছে ভিক্ষুকদের মাঝে

খবর টি পড়েছেন : ১৯৬
ঝিনাইগাতীতে ১০ টাকা কেজি দরের সেই ৫৫ বস্তা চাল বিতরণ হচ্ছে ভিক্ষুকদের মাঝে
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে ১০ টাকা কেজি দরের উদ্বৃত্ত ৫৫ বস্তা চাল অবশেষে ওই এলাকার তালিকাভূক্ত ভিক্ষুকদের মাঝে বিতরণ করা হচ্ছে। ৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের পরামর্শে ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হোসেনের উপস্থিতিতে ১১ জন ভিক্ষুকের মাঝে ৩০ কেজির ১১ বস্তা চাল বিতরণ করা হয়। অবশিষ্ট ৪৪ বস্তা চাল একইভাবে আগামী ২/১ দিনের মধ্যে বিতরণ করা হবে।
জানা যায়, ঝিনাইগাতীর সীমান্তবর্তী কাংশা ইউনিয়নে ২ জন ডিলারের মাধ্যমে ১ হাজার সুবিধাভোগীর মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ কর্মসূচি চলে আসছে প্রায় ৩ বছর যাবত। ওই ইউনিয়নের বাকাকুড়া বাজারে ডিলার আলম মিয়া তার বরাদ্দকৃত ৫শ বস্তা চালের মধ্যে ২৯ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত ৪৪৫ বস্তা বিতরণ করলেও উদ্বৃত্ত রয়ে যায় ৫৫ বস্তা চাল। ডিলারের দাবি, সুবিধাভোগীদের কেউ কেউ ইতোমধ্যে মৃত্যুবরণ করায়, কেউ কেউ ঢাকা বা দূরের কোথাও অবস্থান করায় আবার কেউ কেউ অবস্থাসম্পন্ন হওয়ার কারণে অনুপস্থিত থাকায় ওই চালগুলো উদ্বৃত্ত রয়ে যায়। বিষয়টি অবহিত হয়ে অনুপস্থিত ব্যক্তিদের কার্ডগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম গ্রহণ করে সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে তার পরামর্শ মোতাবেক ব্যবস্থা নিতে ডিলার আলম মিয়াকে আশ্বস্ত করেন। কিন্তু এরই মধ্যে ওই চাল নিয়ে এলাকায় শুরু হয় চালবাজি। ইউপি চেয়ারম্যানের সাথে বিরোধে থাকা স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিস্টার অভিযোগ তুলেন, সংশ্লিষ্ট ডিলার উদ্বৃত্ত চালগুলো বিকল্প পন্থায় হতদরিদ্রদের মাঝে বিতরণের পথ না খুজে পাচারের চেষ্টা করছিলেন এবং ওই প্রেক্ষিতে তিনিসহ স্থানীয় জনতার একাংশ তাতে বাঁধা প্রদান করায় চালগুলো পাচার করা সম্ভব হয়নি। পরে ওই অভিযোগ বর্তায় গণমাধ্যমেও।
এদিকে চাল নিয়ে চালবাজির অভিযোগ শুনে ওইদিনই ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। পরে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ডিলারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে উদ্বৃত্ত চালগুলো রেখে দিতে বলেন এবং প্রকৃত কার্ডধারীদের না পেলে এলাকার তালিকাভুক্ত ভিক্ষুকসহ হতদরিদ্রদের মাঝে নিয়মমাফিক বিতরণের পরামর্শ দেন।
এরপরও বিষয়টি নিয়ে নানা কানাঘুষা চলতে থাকায় সোমবার বিকেলে শ্যামলবাংলা২৪ডটকম’র তরফ থেকে কথা হয় স্থানীয় দায়িত্বশীলদের সাথে। অভিযোগকারী ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিস্টার অভিযোগের পক্ষে অনড় থাকলেও ডিলার আলম মিয়া জানান, উদ্বৃত্ত চালগুলো তিনি পাচারের চেষ্টা করেননি। বরং ওই কার্ডধারীরা না আসার বিষয়টি তিনি নিজেই স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েছেন। ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিস্টার তার বিপরীতে আগামীতে চেয়ারম্যান নির্বাচন করতে চান। আর এজন্যই তিনি উদ্বৃত্ত চালকে পাচারের অভিযোগ তুলেছেন এবং তাতে আমাকেও জড়িয়েছেন। মূলতঃ ৫শ কার্ডধারীর মধ্যে মৃত ও অনুপস্থিত ৫৫ ব্যক্তির চালগুলোই উদ্বৃত্ত ছিল। বিষয়টি ডিলার তাকে জানানোর পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। ১০ টাকা কেজি দরের চাল বিতরণে ট্র্যাক অফিসারের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলীও জানান একই কথা। আর ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হোসেন জানান, ডিলারের কাছে ৫৫ বস্তা চাল উদ্বৃত্ত থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে তিনি নিজে উপস্থিত থেকে স্থানীয়দের সহায়তায় সোমবার প্রায় সন্ধ্যা পর্যন্ত তালিকাভূক্ত ১১ জন ভিক্ষুকের মাঝে ১১ বস্তা চাল বিতরণ করেছেন। অবশিষ্ট ৪৪ বস্তা চালও একইভাবে বিতরণের প্রক্রিয়া চলছে এবং মঙ্গলবারই তা শেষ হতে পারে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, প্রকৃত সুবিধাভোগীদের মাঝে বিতরণের পর বাকাকুড়া বাজারে থাকা ডিলারের কাছে উদ্বৃত্ত চালগুলো নিয়ে অন্য কিছু ভাবার কারণ নেই। বিষয়টি শোনার সাথে সাথে আমি নিজে সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে সেই চালগুলো তালিকাভূক্ত ভিক্ষুকসহ হতদরিদ্রদের মাঝে নিয়মমাফিক বিতরণের পরামর্শ দিয়েছি। সে মোতাবেক সোমবার কিছু বিতরণ হয়েছে। বাকিগুলোও ২/১ দিনের মধ্যে একইভাবে বিতরণ করা হবে। তারমতে, ওই ইউনিয়নে ৪০ জন তালিকাভূক্ত ভিক্ষুক রয়েছে। ইতোমধ্যে ১১ জন ওই চাল পেয়ে গেছেন। অবশিষ্ট ২৯ জনসহ স্থানীয় হতদরিদ্রদের মাঝে বাকি চালগুলো বিতরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী সুরঞ্জন সরকারের পরলোক গমন পরবর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি, আলোচনা ও পুরস্কার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads