নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ নাম লিটন মিয়া। মায়ের নাম রোকিয়া বেগম। তবে বাবার নামের স্থলে আওয়ামী লীগ! বিষয়টা বিস্ময়কর হলেও জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডে লিটন মিয়া নামের ওই ব্যক্তির এমন তথ্য পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্রের ছোটখাটো ভুল চোখে পড়লেও এবার এ ধরনের একটি ভুল নজরে এসেছে। সম্প্রতি ফেসবুকে ওই স্মার্টকার্ডটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় হৈ-চৈ পড়ে যায়। ভাইরাল হওয়া স্মার্টকার্ডে দেয়া তথ্য অনুযায়ী, লিটন মিয়ার বাড়ি শেরপুরের নকলা পৌরসভার ইশিবপুর ঝালপট্টি এলাকায়। তবে সে অনেকদিন যাবত ঢাকায় বসবাস করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিটনের জন্মের আগেই তার পিতা মারা যান। জন্মের পর তার মা-ও দ্বিতীয় বিয়ে করে চলে যায়। দ্বিতীয় সংসারে তার মা মারা গেলে তখন থেকেই সে এতিম হয়ে পড়ে। এরপর থেকে সে নকলা পৌর শহরের জালালপুর এলাকায় তার নানীর কাছেই বড় হয়। তবে বেশ কয়েক বছর পর সে নকলা শহরের ইশিবপুর ঝালপট্টি এলাকায় স্থানীয় একজনের আশ্রয়ে বসবাস শুরু করে। লোকমুখে শুনতে থাকে তার পিতার নাম আওয়ামী লীগ। ভোটার তালিকার সময় তথ্য সংগ্রহকারীকে পিতার নামের জায়গাতে সেই নামটিই বলে।
ঢাকায় বসবাসকারী লিটন মিয়া সম্প্রতি নকলায় এসে তার জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ডটি নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে। পরে কে বা কারা ওই স্মার্ট কার্ডের ছবি তুলে ফেইসবুকে ভাইরাল করে। আইডি কার্ডটির ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ছাইফুল ইসলাম জানান, এর আগে এ রকম আরেকটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গিয়েছিল যেখানে নিজের নামের জায়গাতে মোঃ নির্বাচন মিয়া, অন্য একজন মহিলার নামের জায়গাতে কুমিল্লা বেগম এবং অন্য আইডি কার্ডে পিতার নামের জায়গা লেখা ‘বিএনপি’। তবে বিষয়টি বেশ অস্বাভাবিক হলেও সংশোধনযোগ্য। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি সংশোধনের আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে, যাতে তাকে এনআইডি সংক্রান্ত সেবা পেতে কোনো ভোগান্তিতে পড়তে না হয়।























