স্টাফ রিপোর্টার ॥ ‘পলিথিন শপিং ব্যাগ বর্জন করুন, পরিবেশ সুরক্ষা করুন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে নিষিদ্ধ পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ ঘোষণা উপলক্ষে শেরপুরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে ওই র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, পলিথিনমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি পলিথিনের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, যারা পলিথিন কারখানায় কাজ করে তাদের ক্যান্সারসহ নানা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। পলিথিন মাটির গুণাগুণ নষ্টসহ পরিবেশ দূষিত করে। তাই আমাদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ও কাগজের ঠোঙা ব্যবহার করতে হবে।
র্যালিতে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিউর রহমান মিতুল, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, এনডিসি আরিফ ফয়সাল খান, সহকারী কমিশনার অহনা জিন্নাতসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জেলা স্কাউট, বিএনসিসি ও স্কুল-কলেজের শিক্ষার্থীগণ অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে গিয়ে শেষ হয়।

























