স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২৭ আগস্ট মঙ্গলবার বিকেল থেকে রাতের মধ্যে ওই ঘটনা ঘটে। পরদিন বুধবার দুপুরে ওই ইজিবাইকের চালক ওমর আলী (৫০) কে ঝিনাইগাতীর তিনানী এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে সে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর শিবউত্তর গ্রামের মৃত হুরমুজ আলীর ছেলে ওমর আলী পেশায় ইজিবাইক চালক। সম্প্রতি সে তার মালিকানাধীন একটি পুরাতন ইজিবাইক বিক্রি করে ২৬ আগস্ট জামালপুর শহর থেকে ১ লক্ষ ৫৬ হাজার টাকায় একটি নতুন ইজিবাইক ক্রয় করে। পরদিন ২৭ আগস্ট মঙ্গলবার সকালে ওই নতুন ইজিবাইক নিয়ে সে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর এলাকায় ভাড়ায় যায়। ওই অবস্থায় ওইদিন বিকেল ৪ টার দিকে ৩ জন যাত্রী হাতে মোরগ, চাউল ও কিছু লাকড়ি নিয়ে তার ইজিবাইকে উঠে গড়জরিপা এলাকার বারোদুয়ারী মসজিদে সিন্নি দেয়ার কথা বলে তাকে ভাড়ায় নিয়ে যায়। কিন্তু বিভিন্ন জায়গায় নানা অজুহাতে ঘুরে-ফিরে এক পর্যায়ে রাত ৯টার দিকে সিন্নি করতে ওই মসজিদে গেলে মসজিদে থাকা এক খাদেম তাদের জানান, এখানে রাতে সিন্নি হয় না। খাবারও লোক পাওয়া যাবে না। পরে তারা তাদের পরিচিত পাশের আব্দুল কুদ্দুসের ছেলে ইসমাইল হোসেনের বাড়িতে গিয়ে সিন্নি রান্না করে বাড়ির ভেতরেই খাওয়া-দাওয়া করে। এরপর বাড়ির বাহির আঙিনায় ইজিবাইকে থাকা চালক ওমর আলীকে এক প্লেট সিন্নির খিচুরি খাওয়ায় এবং ফিরতির কথা বলে ইজিবাইকে উঠে রওনা দেয়। কিন্তু ওই খিচুরি খাওয়ার পরপরই ওমর আলীর ঘুম ঘুম লাগে। ৮/১০ মিনিট ইজিবাইক চালানোর পর জ্ঞান হারান তিনি। এরপর ইজিবাইক ও সাথে থাকা মোবাইলটি নিয়ে ওমর আলীকে ঝিনাইগাতীর তিনানী ব্রিজ এলাকায় ফেলে কেটে পড়ে ওই ছিনতাইকারী চক্র।
অন্যদিকে ওমর আলী রাতে বাড়িতে না ফেরায় মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইলটি বন্ধ পেয়ে পরিবারের লোকজনের উৎকণ্ঠা বেড়ে যায়। তারা খুঁজাখুঁজির এক পর্যায়ে ২৮ আগস্ট বুধবার দুপুরে তিনানী ব্রিজ এলাকায় এক দোকানের সামনে অচেতন অবস্থায় তার হদিস পায়। এরপর তাকে নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার দু’দিনের মাথায় তার জ্ঞান ফিরে। এরপর ঘটনার আদ্যোপান্ত খুলে বলে স্বজনদের কাছে। পরে ওমর আলীর দেওয়া তথ্য মোতাবেক তার ছেলে লাল মিয়া ও শ্যালক দেলোয়ার হোসেন শুক্রবার বিকেলে বারোদুয়ারী মসজিদের কাছে গড়জরিপা মসজিদের কাছে সিন্নি হওয়া বাড়িতে গেলে গৃহকর্তা আব্দুল কুদ্দুসের ছেলে ইসমাইল হোসেন ঘটনার রাতে তার বাড়িতে সিন্নি ও খাওয়া-দাওয়ার কথা স্বীকার করলেও সিন্নি করতে যাওয়া লোকদের তিনি চেনেন না বলে জানান। তবে ওমর আলীর লোকজনসহ অনেকেরই ধারণা, ওই ছিনতাইকারী চক্রের সদস্যরা ওই গৃহকর্তার পূর্বপরিচিত এবং তিনি ওই ঘটনা জেনে থাকতে পারেন। এছাড়া ও,র আলীকে খাওয়ানো সিন্নির সাথে হয়তো ঘুমের বড়ি বা ঔষধ দেওয়া হয়েছে।
তারা শনিবার দুপুরে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, তারা ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে খোঁজ-খবর নিয়েছেন। এখনও ইজিবাইক ও মোবাইলের কোন হদিস পাওয়া যায়নি। ওই ঘটনার সাথে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র জড়িত। তাই ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।
























