স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যৌতুকের দাবিতে বিউটি বেগম (২১) নামে এক তরুণী গৃহবধূকে মারপিটের মামলায় স্বামী রানা মিয়ার (২৫) ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা একমাত্র আসামীর অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। দণ্ডিত রানা মিয়া সদর উপজেলার নন্দীরপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
জানা যায়, ২০১৭ সালের ১২ মে সকালে স্ত্রী সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দরিদ্র কৃষক আনসার আলীর মেয়ে বিউটি বেগমের নিকট ১ লক্ষ টাকা যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে তাকে মারপিট করে তাড়িয়ে দেয় পাষণ্ড স্বামী রানা মিয়া। পরে ওই ঘটনায় একই বছরের ২৮ মে শেরপুরের আমলী আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় স্বামী রানা মিয়ার বিরুদ্ধে একটি নালিশী মামলা দায়ের করেন বিউটি বেগম। ওই মামলায় রানা মিয়া আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে আপোষের শর্তে জামিন নিলেও পরবর্তীতে আপোষ না করায় হাজতবাসে যায়। এরপর জামিন নিয়ে দীর্ঘদিন পলাতক থাকে রানা মিয়া। বিচারিক পর্যায়ে বাদীসহ ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে রানা মিয়াকে দোষী সাব্যস্ত করে ওই সাজা দেওয়া হয়। সেইসাথে রানা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার আদেশ হয়।
























