নালিতাবাড়ীতে মাদকবিরোধী কনসার্টের নামে অশ্লীল গান-নৃত্য ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ১৫৬
নালিতাবাড়ীতে মাদকবিরোধী কনসার্টের নামে অশ্লীল গান-নৃত্য ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
আয়োজক উসন’র যুগ্ম আহবায়কের পদত্যাগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শোকের মাস আগস্টে মাদকবিরোধী কনসার্টের নামে শেরপুরের নালিতাবাড়ীতে অশ্লীল গান ও নৃত্য পরিবেশনের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিভার্সিটি স্টুডেন্ট অর্গানাইজেশন অব নালিতাবাড়ী’র (উসন) প্রগতিশীল সদস্যবৃন্দ। ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ী’র হলরুমে ওই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে উসন এর সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বলেন, শোকের মাস গত ১৩ আগস্ট শহীদ মিনার মুক্তমঞ্চে উসন এর ঈদ পূনর্মিলনী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দ্বিতীয় পর্বে মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। মাদকবিরোধী এ কনসার্টের নামে যে অশ্লীল গান-নৃত্য পরিবেশন করা হয় তা অনেকটা ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের নামান্তর এবং বঙ্গবন্ধুর মৃত্যু দিবসকে উপহাস করার মতো। তারা যেভাবে শোকের মাসকে কলঙ্কিত করলেন তা দূর্ভাগ্যজনক। ওইসময় তারা এমন একটি অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তাকে প্রধান অতিথি করায় বিস্ময় প্রকাশ করেন এবং নিজেদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দাবি করে ওই ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন। একইসঙ্গে নবগঠিত কমিটি থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্রদের পদত্যাগ করতে আহবান জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, একটি নির্দিষ্ট সিন্ডিকেট দ্বারা পরিচালিত উসন এখন পকেট কমিটিতে রূপ নিয়েছে। এখানে সকলকে অন্তর্ভূক্ত না করে তাদের পছন্দসই ছাত্রদের হাতে নেতৃত্ব দিয়ে উসন এর ঐতিহ্যকে নষ্ট করা হচ্ছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যায়ের মতো দেশের নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা এখন আর উসনে থাকতে আগ্রহ প্রকাশ করেন না। ওইসময় বক্তব্য প্রদানকারী মাহমুদুল হাসান উসন থেকে নিজের পদত্যাগ ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে উসন এর সাবেক সদস্য আসাদুল্লাহ আল গালিব, সদস্য সাদ্দাম হোসেন, নাজমুল হাসান তানভীর, সোহানুর রহমান, সা’দ আল জুনায়েদসহ তাদের সমর্থিত উসন এর প্রগতিশীল ছাত্ররা উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগের বিষয়ে উসন এর নবগঠিত কমিটির সহ-সভাপতি হারুন অর রশিদ জানান, মাদকবিরোধী কনসার্টে কোন অশ্লীল গান পরিবেশন করা হয়নি। আর নৃত্যতো ছিলই না। এছাড়াও তিনি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি করা হয়েছে বলে জানান। এছাড়া তিনি মাহমুদুল হাসান ব্যতীত সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্ররা সংগঠনের কেউ নয় বলেও দাবি করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন যন্ত্র পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads