স্টাফ রিপোর্টার ॥ ‘গাছ লাগাই – পরিচর্যা করি, বাসযোগ্য পৃথিবী গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে তরুণ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। ১৭ আগস্ট শনিবার সকালে শহরের চাপাতলী এলাকায় সরকারি শিশু পরিবার (বালিকা) অঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়।
তরুণ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজিমুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সরকারি শিশু পরিবার (বালিকা)’র উপ-তত্ত্বাবধায়ক বেলাল হোসেন, জামালপুরের সহকারী কৃষি কর্মকর্তা ফজলুল হক, সমাজসেবা কর্মকর্তা শরাফত হাসান, ডাঃ আবদুল্লাহ আল কাইয়ুুম প্রমুখ। বশিরউল্লাহ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ উন্নয়ন সংঘের সাধারন সম্পাদক রেবেকা সুলতানা, মিনা খানম, মুর্শেদা বেগম প্রমুখ। এছাড়া এতিমখানার শিশুরা উপস্থিত থেকে কুইজ পর্বে অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার বিতরন করেন।
তরুণ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা-সভাপতি নাজিমুল হাসান খান তরুণদের এই মহতী উদ্যোগকে সার্বিক সহযোগিতা করে তরুণ প্রজন্মকে আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করার আহবান জানান। বৃক্ষরোপন অভিযান উপলক্ষে শিশু পরিবারে বিভিন্ন জাতের সর্বমোট ৩৯টি ফলজ, বনজ, শোভার্বধনকারী এবং ঔষধী বৃক্ষ রোপন করা হয়।























