নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় মজুরীর পাওনা টাকা চাওয়ায় গৃহস্থের হামলায় জলিল মিয়া (৫৬) নামে এক দিনমজুর নিহত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের নামাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত জলিল স্থানীয় মৃত ছফর উদ্দিনের ছেলে। দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এদিকে খবর পেয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নকলা উপজেলার চরমধুয়া নামাপাড়া এলাকার হাজী মোশারফ হোসেনের নিকট মজুরীর ৭শ টাকা পাওনা চাইতে গেলে দিনমজুর জলিলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোশারফ উত্তেজিত হয়ে জলিলকে তাড়া করলে পাশের হানিফ মিয়ার বাড়িতে গিয়ে তিনি আশ্রয় নেন। কিন্তু মোশারফ সেখান থেকে জলিলকে টেনে-হেঁচড়ে বের করে গলা চেপে ধরে ওপরে তুলে মাটিতে আছাড় দিলে জলিল গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে মোশারফ পালিয়ে যান। খবর পেয়ে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা নিহত জলিলের লাশ উদ্ধার করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক মোশারফ হোসেনকে গ্রেফতারে অভিযান চলছে।























