মইনুল হোসেন প্লাবন ॥ শেরপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় (জাইকা) এর উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা মৎস্য অধিদপ্তরের পৃথক পৃথক ব্যবস্থাপনায় বেকার যুবক-যুবতীদের নিয়ে ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসানের সভাপতিতে ওই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আজিজুর রহমান (শষ্য) ও অতিরিক্ত উপ-পরিচালক আকতারুজ্জামান (পিপি)। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, জাইকা (ইউডিএফও) প্রধান শহীদা বেগম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক ও মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিআরডিবি হল রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ৭০ জন এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হল রুমে ‘উন্নত পদ্ধতিতে মাছের মিশ্রচাষ’ বিষয়ে ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় ৭০ জন বেকার যুবক-যুবতীসহ সর্বমোট ১৪০ জন অংশগ্রহণ করেন।
























