স্টাফ রিপোর্টার ॥ ৭ দিনের ব্যবধানে শেরপুরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২৫ জন। ১ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত কেবল জেলা সদর হাসপাতালেই ভর্তি রয়েছেন ১৪ ডেঙ্গু রোগী। ইতোমধ্যে আরও ৯ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় জেলা সদর হাসপাতালে আলাদা একটি ডেঙ্গু কর্ণার খোলা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা সদর হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন আরও ৪ জন। এছাড়া স্থানীয় একাধিক বেসরকারি ক্লিনিকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন আরও ৭জন। চিকিৎসকরা বলছেন, এরা প্রত্যেকেই ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে শেরপুরে ফিরে ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। তবে বৃহস্পতিবার বিকেলে জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সাথে কথা বলে জানা যায়, সদর উপজেলার কুসুমহাটি এলাকার গোলাপী বেগম, শহরের মোবারকপুরের কলেজশিক্ষার্থী তানজিল ঢাকায় জ্বরে আক্রান্ত হলেও শ্রীবরদী উপজেলার পোড়াগড় এলাকার আনোয়ার হোসেন নিজ বাড়িতেই আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে।
ডেঙ্গু রোগী সর্ম্পকে জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ খাইরুল কবির সুমন বলেন, এখানে বর্তমানে ফ্লুইড ম্যানেজমেন্টের মাধ্যমে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। স্থানীয়ভাবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সামনে ঈদের সময় ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসা লোকজনের চাপ বাড়বে। তখন ডেঙ্গু পরিস্থিতি হয়তো কিছুটা জটিল হতে পারে।
এ বিষয়ে শেরপুরের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন বলেন, মানুষের মতো ঢাকা থেকে গাড়ির মাধ্যমে যাতে প্রত্যন্ত অঞ্চলে এডিস মশা ছড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এজন্য ঢাকা থেকে ছেড়ে আসা সব গাড়িতে এডিস মশা নিরোধী স্প্র্রে করা প্রয়োজন।
























