শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ছেলেধরা সন্দেহে আব্দুল খালেক (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীনকে আটক করে পুলিশের হাতে দিয়েছে এলাকাবাসী। ২৪ জুলাই বুধবার দুপুরে উপজেলার ইন্দিলপুর মুসলিম বাড়ির পাশে মাদ্রাসার সামনে ওই ঘটনা ঘটে। আটক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কুমিল্লা জেলার বরুয়া উপজেলার পিয়ারপট্টি এলাকার আব্দুল গণির ছেলে।
জানা যায়, ছেলে ধরা গুজবের বিরুদ্ধে শ্রীবরদীর বিভিন্ন এলাকায় মাইকিং চলছে। যাতে কেউ গুজবকে বিশ্বাস না করে- এ জন্য চলছে প্রচার-প্রচারণা। বুধবার উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর মুসলিম বাড়ির পাশে মাদ্রাসার সামনে ছেলে ধরা সন্দেহে একজনকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। ওই সময় জিজ্ঞাসাবাদে তার পরিচয় পাওয়া যায়। তার পরনে একটি লাল রঙের শর্ট প্যান্ট। গায়ে ফুল হাতা কালো চেক শার্ট। তার হাতেও রয়েছে একটি ফুল হাতা কালো চেক শার্ট।
আটক আব্দুল খালেক বলেন, আমাকে বাড়ির সবাই মারছে। আমি পাবনা হেমায়েতপুর হাসপাতালেও ছিলাম। যেখানে যাই সেখানেই মানুষ আমারে মারে। কেউ আবার খাবার দেয়। এভাবেই আমি এহানে আইছি। এহানেও মানুষ আমারে খাবার দিছে। কিছু মানুষ মারছে। এভাবেই অস্বাভাবিক নানা কথা বলে সে। তবে কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলে এসব আবার আরেকভাবে বর্ণনা করে। স্থানীয় সাবেক ইউপি সদস্য গাজীউর রহমান বলেন, মাদ্রাসার সামনে তাকে ঘুরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, আব্দুল খালেক নামে আটক হওয়া এক ব্যক্তির কথাবার্তা শুনে মনে হয় সে মানসিক ভারসাম্যহীন। একেক সময় একেক কথা বলে। তবে বাড়ির খোঁজ-খবর নেয়া হচ্ছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।
























