স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২২ জুলাই সোমবার সকালে জেলা প্রশাসনের সহায়তায় পৌর শহরের চাপাতলী, শেরীপাড়াসহ বেশ কয়েকটি এলাকার ৩শ পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি মুড়ি, গুড়, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি।
এ উপলক্ষে চাপাতলী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সাবেক প্যানেল মেয়র কাজী মতিউর রহমান, কাউন্সিলর হাবিবুর রহমান, হামিদা বেগম, সমাজসেবক জিএম হায়দার আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণ, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিটন প্রমুখ। ওইসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল জানান, সাম্প্রতিক বন্যায় পৌর শহরের মোবারকপুরের কইনাপাড়া, দমদমা কালীগঞ্জের উত্তরপাড়া, উত্তর গৌরীপুর, মীরগঞ্জ বারাকপাড়া (নিমতলা), কসবা শিবউত্তর, কাচারীপাড়ার নামাপাড়া, ভাটিপাড়া, পূর্ব শেরী, দিঘারপাড়, তাতালপুর ও শেখহাটির কামারিয়া মহল্লার বেশ কিছু অংশ প্লাবিত হয়ে পড়েছে। ইতোমধ্যে বন্যার পানিতে ডুবে একজন স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। শহরের ওইসব এলাকার পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের তরফ থেকে ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আজ থেকে দু’দিনের মধ্যেই ওই বিতরণ কাজ শেষ করা হবে।
























