স্টাফ রিপোর্টার ॥ অতিবর্ষণ, পাহাড়ী ঢল ও ব্রক্ষপুত্র নদের পানি বৃদ্ধিতে শেরপুরের বিভিন্ন গ্রাম নতুন করে প্লাবিত হচ্ছে। আর এতে বন্যায় ডুবে নিহত হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। ১৯ জুলাই শুক্রবার সদর উপজেলার পৃথক স্থানে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরেক শিশু। নিহতরা হচ্ছে সদর উপজেলার চরভাবনা এলাকার মোফাজ্জল মিয়ার ছেলে শামীম (৫) ও সাতপাকিয়া গ্রামের খলিলুর রহমানের কন্যা খুশি (৬)। এর আগে দুপুরে শেরপুর শহরের উত্তর গৌরীপুর এলাকার নায়েব আলীর ছেলে সপ্তম শ্রেণির ছাত্র মেহেদী হাসান (১৩) বন্যার পানিতে ডুবে মারা যায়।
এদের মধ্যে প্রথম শামীম ও মেহেদী কলাগাছের ভেলায় খেলতে গিয়ে ভেলা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে মুত্যু হয়। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে। অপর একজন নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় পানিতে পড়ে গিয়ে মারা যায়। এছাড়া সদর উপজেলার ব্রক্ষপুত্র তীরবর্তী ভাগলগড় গ্রামের সামিদুলের ছেলে রুবেল মিয়া পানিতে পড়ে গেলে সে নিখোঁজ হয়।
এ ৩ জনসহ জেলায় গত এক সপ্তাহের বন্যায় ৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৬ জনই শিশু। নিহতদের মধ্যে শেরপুর সদরে ৩ জন, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ৩জন করে রয়েছে।























