ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকা থেকে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন ছোট গজনী টিলাপাড়া এলাকা থেকে হাতির ওই মৃতদেহটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। খবর পেয়ে শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ময়নাতদন্ত শেষে মৃত হাতিটিকে একই এলাকায় মাটিচাপা দেওয়া হয়।
কাংশা ইউপি চেয়ারম্যান জহরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী উপজেলার অবকাশ কেন্দ্র সংলগ্ন গজনী লেকের পশ্চিম পার্শ্বে ওই বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করে। বন বিভাগের গজনী বিট কর্মকর্তা শাহ আলম বলেন, মৃত হাতিটি মাদি হাতি। হাতিটির শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে এটি মারা গেছে। তবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়েছে।























