স্টাফ রিপোর্টার ॥ নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির ষান্মাসিক কর্মপরিকল্পনা সভা ১ জুলাই সোমবার রাতে শহরের পৌর নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নাগরিকবৃন্দের উপস্থিতিতে আলাপ-আলোচনার ভিত্তিতে আগামী জুলাই-ডিসেম্বর মাস পর্যন্ত ৬ মাসের কর্মপরিকল্পনা চুড়ান্ত করা হয়। এসব কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে-স্থানীয় ইস্যুতে ১০ জুলাই ২০১৯ জেলায় রেললাইন নির্মাণের দাবীতে চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা করা হবে। সংগৃহিত গণস্বাক্ষর স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণ করা হবে। আগামী ৯ আগস্ট আদিবাসী ইস্যুতে বিশ^ আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পরিবেশ ইস্যুতে শব্দ দূষণ নিয়ে মতবিনিময় সভা, অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে নারী ইস্যুতে বাল্যবিয়ে বিরোধী আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা, নবেম্বর মাসের মাঝামাঝি তৃতীয় লিঙ্গ (হিজড়া) কনসার্ট এবং ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা/মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া স্থানীয় কিংবা তাৎক্ষনিক কোনো ইস্যুতে কর্মসূচি গ্রহণ করা যেতে পারে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে জনউদ্যোগ কমিটি ছাড়াও সমমনা বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আদিবাসী ও নারী নেতৃবৃন্দকে সম্পৃক্ত করতে সকলের সক্রিয় ভুমিকা রাখার অনুরোধ জানানো হয়।
ষান্মাসিক এ কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ আহ্বায়ক নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, নৃত্যগুরু কমল পাল, সংস্কৃতি কর্মী তরুণ চক্রবর্তী, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, শিক্ষক মোস্তাক হোসেন, এসএম আবু হান্নান, ব্যবসায়ী হারান চন্দ্র সাহা, নাট্যকার কমল চক্রবর্তী, উন্নয়ণ কর্মী সোলায়মান আহমেদ, আইইডি শেরপুর অফিসের সমন্বয়কারি মানিক পাল, আরডিএস কর্মকর্তা রতন সাহা প্রমুখ। এর আগে সভার শুরুতে জনউদ্যোগ কমিটির সদস্য সাংবাদিক সাবিহা জামান শাপলার বাবা শিক্ষাবিদ আলহাজ¦ মো. সুরুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রস্তাব গ্রহণ করে জনউদ্যোগ স্বেচ্ছাসেবক বিতার্কিক এমদাদুল হক রিপন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯-এ জাতীয় পর্যায়ে দেশসেরা বিতার্কিক হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। একইসাথে শেরপুরের মুখ উজ্জল করে এলাকার জন্য সুনাম বয়ে আনায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯-এ জাতীয় পর্যায়ে উচ্চাঙ্গ নৃত্যে দেশসেরা প্রিয়ন্তি হোড়, সঙ্গীতে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকারী নাইম ইসলাম এবং শিশু একাডেমীর জাতীয় শিশু প্রতিযোগিতায় ‘বঙ্গবন্ধুকে জানো, দেশকে জানো’ শীর্ষক বিষয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করায় জনউদ্যোগ সদস্য শিব শংকর কারুয়া শিবুর মেয়ে রূপকথা কারুয়াকেও সভার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সভায় জনউদ্যোগ শেরপুর কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে জনউদ্যোগ কমিটির সদস্যদের সাথে শেরপুর পৌরসভা সহ সদরের ৭টি ইউনিয়নে বাস্তবায়নাধীন ‘ইয়্যূথ এজ চেঞ্জড এজেন্ট ফর সোশ্যাল কোহেশন’ প্রকল্প সম্পর্কে আইইডি শেরপুর অফিসের সমন্বয়কারি মানিক পাল মতবিনিময় করেন।
























